
চীনে ‘Chinese + Textile Vocational Skills’ প্রশিক্ষণ সম্পন্ন: নিটার শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ের সনদপত্র প্রদান
Zhejiang Sci-Tech University-এর একাডেমিক সহযোগিতায় এবং Zhejiang Agricultural Business College-এ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের চীনে সফলভাবে সম্পন্ন করা ‘Chinese + Textile Vocational Skills’ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সনদপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে চীনের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান মোল্লা। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন BTMA-এর সম্মানিত পরিচালক এবং Bangladesh-China Chamber of Commerce & Industry (BCCCI)-এর সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম।
নিটারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক জনাব উম্মে সারা; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব বুরহান উদ্দিন বান্না; এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের এ আন্তর্জাতিক অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি নিটারের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চীনের শাওসিং (Shaoxing) শহরে ‘Digital Silk Road’ প্রকল্পের আওতায় আয়োজিত বিশেষায়িত ‘Chinese + Textile Vocational Skills’ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে Zhejiang Sci-Tech University একাডেমিক পার্টনার (Academic Partner) এবং Zhejiang Agricultural Business College হোস্ট ক্যাম্পাস (Host Campus) হিসেবে দায়িত্ব পালন করে।
প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি, স্মার্ট অটোমেশন এবং ঐতিহ্যবাহী ডাইং ও প্রিন্টিং প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়।
এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার মাধ্যমে নিটারের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কারিগরি দক্ষতা ও পেশাগত সক্ষমতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ অর্জন করেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের আধুনিকায়ন, প্রযুক্তিগত উৎকর্ষ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিটার পরিবার এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক সহযোগিতা ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে বিশ্বমানের টেক্সটাইল প্রকৌশলী তৈরির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করছে।


